কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাসচাপায় আব্দুল্লাহ (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার বানিয়াগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার আচমিতা ইউনিয়নের দক্ষিণ পাঁচগাতিয়া গ্রামের হোটেল ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নানার বাড়িতে যাবার জন্য বানিয়াগ্রাম বাজারে বাবার হোটেল যায় আব্দুল্লাহ।
পরে সেখান থেকে আব্দুল্লাহ মিষ্টি নিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাতায়াত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 












