আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন মারা গেছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ইতালির ল্যাম্পাডুসায় যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন তারা। খবর রয়টার্স ও বিবিসি নিউজের।
নিরাপত্তা কর্মকর্তা আলী আয়ারি বলেছেন, নৌকা ডুবে যাওয়ার পর তিউনিসিয়ার কোস্টগার্ড পাঁচজন অভিবাসীকে উদ্ধার করেছে। মর্মান্তিক এ ঘটনায় ২০ জনের মতো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, তিউনিসিয়ার বন্দর নগরী সফ্যাক্সের সমুদ্র উপকূল থেকে প্রায় ৬ মাইল দূরে নৌকাটি ডুবে যায়। আমরা এখন পর্যন্ত ২০ জনের লাশ খুঁজে পেয়েছি। তাছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনকে। নৌকাটিতে মোট ৪৫ জন আরোহী ছিলেন। এই অভিবাসীরা সবাই সাব–সাহারা আফ্রিকা অঞ্চলের বাসিন্দা।
আলী আয়ারি বলেছিলেন, জরাজীর্ণ অবস্থা ও অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাত্রা করায় সাগরে প্রচণ্ড বাতাসের ধাক্কায় নৌকাটি ডুবে গিয়ে থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, সংঘাত এবং দারিদ্র্যের কবলে পড়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশী মানুষের ইউরোপ পাড়ি জমানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ট্রানজিট পথ হয়ে উঠেছে তিউনিসিয়ার এই সফ্যাক্স উপকূল।
উল্লেখ্য, উন্নত জীবনের প্রত্যাশায় প্রতিবছর ইউরোপের বিভিন্ন দেশে যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











