নওগাঁর মান্দায় পাওয়ার টিলার চোরচক্রের বিরুদ্ধে পুলিশের বড় অভিযানে ৪টি পাওয়ার টিলার ও একটি মিনি পিকআপ উদ্ধার এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মান্দা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর সন্দেহে মোঃ ফারুক হোসেন (৪৫), পিতা মৃত মফিজ উদ্দিন, সাং গাড়ীক্ষেত্র, মান্দা—কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ মিলন হোসেন (৫০), পিতা মৃত আবুল বক্কর সিদ্দিক, সাং লালবাড়ি, মহাদেবপুর—এর হেফাজত থেকে চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আন্তঃজেলা ট্রাক্টর চোরচক্রের সদস্য ফারুক ও মিলনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকটি ট্রাক্টর চুরির কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী অভিযান চালিয়ে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই টিলার পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়েছে।
ট্রাক্টর হারানোর অভিযোগকারী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃষিনির্ভর এলাকায় চারটি পাওয়ার টিলার উদ্ধার এবং চোরচক্রের সদস্যদের গ্রেফতারে স্থানীয় গ্রামবাসীরাও সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ বলেন, জেলায় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি অপরাধ দমনে জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

স্টাফ রিপোর্টার, নওগাঁ 

























