আন্তর্জাতিক ডেস্ক: চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো আপত্তি নেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। তবে শুধু আলোচনা নয় যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধে জড়াতেও প্রস্তুত তিনি।
রাজধানী পিয়ংইয়াংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট কিম। তিনি বলেছিলেন, উত্তর কোরিয়ার মর্যাদা রক্ষায় নিজেদের সবসময় প্রস্তুত থাকতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রকে নিয়ে এটাই কিম জং উনের প্রথম মন্তব্য। কিমের এমন মন্তব্য নতুন করে দু-দেশের সঙ্গে আালোচনার পথ উন্মুক্ত হবে বলে ধারণা করছেন অনেকে।
বৈঠকে কিম দাবি করেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তার দেশ। তিনি জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তাই ওই অঞ্চলে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় কিমের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন। কিন্তু বাইডেন জানিয়ে দিয়েছেন, তিনি কিমের সঙ্গে বৈঠকে বসতে উৎসাহী নন, যদি না কিম পরমাণু প্রকল্প রোধে কার্যকর পদক্ষেপ না নেন।
এর আগে সম্প্রতি মহামারি করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড়ের কারণে উত্তর কোরিয়ার কৃষিক্ষেত্রে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দেশটির খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিম জং উন।
কিম বলেছিলেন, এ বছর দেশের অর্থনীতির উন্নতি হলেও খাদ্য পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি সবাইকে এ পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
সূত্র : বিবিসি নিউজ
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











