স্টাফ রিপোর্ট :রাতে সিনেট ভবনের তালা ভেঙে নিয়োগসংক্রান্ত নথিপত্র চুরি করার অভিযোগ উঠার পর নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের জামাতা এ টি এম শাহেদ পারভেজ।
বুধবার (৫ মে) রাতে নগরের মতিহার থানায় তিনি জিডি করেন বলে সময় নিউজকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান।
এ টি এম শাহেদ পারভেজ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক। গত সোমবার (৩ মে) রাত ১০টার পর তিনি বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের তালা ভেঙে নিয়োগসংক্রান্ত নথিপত্র চুরি করেছিলেন বলে পরের দিন মঙ্গলবার (৪ মে) দুপুরে অভিযোগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি এবং দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের আহ্বায়ক সুলতান-উল-ইসলাম অভিযোগ করেন, উপাচার্যের জামাতা বহিরাগত ক্যাডার বাহিনী নিয়ে রাতের আঁধারে সিনেট ভবনের তালা ভেঙে তিনি নিয়োগসংক্রান্ত কাগজপত্র নিয়ে আসেন। এটি জঘন্য অপরাধ। এ সময় তার শাস্তিও দাবি করা হয়।
এ অভিযোগকে মিথ্যা দাবি করে জিডিতে এ টি এম শাহেদ পারভেজ উল্লেখ করেন, তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের একজন সদস্য।
৪ মে ‘প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে তার বিরুদ্ধে সিনেট ভবনের তালা ভেঙে কাগজপত্র চুরির মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করা হয়।
এর ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয়। এতে তিনিসহ সমগ্র শিক্ষক সমাজের সম্মানহানি ঘটেছে। তিনি অভিযোগকারীদের দ্বারা তার জান-মালের বিষয়ে হুমকি ও ক্ষতির আশঙ্কা করছেন।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











