আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় প্রকাশ পাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আর্থিক অবস্থা ভালো নেই বরং সংকটে রয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমনটি জানিয়েছে। হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার নতুন বাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত ট্রাম্পের আর্থিক হিসাব নিকাশের নথি থেকে জানা গেছে, গত বছর তার নামে প্রতিষ্ঠিত কোম্পানি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ট্রাম্পের সব ব্যবসা প্রায় ৪০ শতাংশ কম আয় করেছে। ওয়াশিংটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল এবং স্কটল্যান্ডে তার প্রেসিডেন্টস টার্নবেরির আয় কমেছে ৬০ শতাংশ।
গত ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার পর ট্রাম্পের ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বহু প্রতিষ্ঠান। অবশ্য ট্রাম্পের আয় কমে যাওয়ার উল্লিখিত হিসাব ক্যাপিটলে হামলার আগের।
মূলত মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রমণে কড়াকড়ির ফলে ট্রাম্পের ব্যবসায় এমন ধস নেমেছে।
এছাড়া ডোনাল্ড ট্রাম্পের কাঁধে গত চার বছরে ৪২ কোটি ১০ লাখ (৪২১ মিলিয়ন) ডলারের ঋণের বোঝা থাকায় আগামী দিনগুলোতে তার আর্থিক সমস্যা হতে পারে বলে এর আগেও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছিল।
তবে এখন ব্যবসায় ঘুরে দাঁড়াতে ট্রাম্পকে নতুন কোনো উপায় বের করতে হবে। ২০২০ সালের নির্বাচন নিয়ে টানা মিথ্যা বক্তব্য দিয়েছেন।
পরে গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গা হামলায় উসকানির অভিযোগে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসনের সম্মুখীন হন ট্রাম্প।
এমন অবস্থায় ব্যবসা থেকে আয় করে ক্রমেই বেড়ে চলা ঋণ পরিশোধ করা তার জন্য বেশ দুরূহই হবে বলে মনে করা হচ্ছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











