আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগীদের সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টা আগেই রাজধানী আবুধাবি এবং দেশটির পর্যটন কেন্দ্র দুবাইয়ে পৃথক দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে অন্তত একজন নিহত ও বেশকিছু লোক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় মিডিয়ার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার (৩১ আগস্ট) ভোরে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হন।
দুবাই সিভিল ডিফেন্সের মুখপাত্রের বরাতে আবুধাবির দৈনিক দ্য ন্যাশনাল বলছে, বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হলে রেস্টুরেন্ট ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আবুধাবির রশিদ বিন সাঈদ স্ট্রিটের কেএফসি অ্যান্ড হার্ডিস রেস্টুরেন্টেও বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্য ন্যাশনাল বলছে, এই বিস্ফোরণে রশিদ স্ট্রিটের অন্যান্য দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবুধাবি পুলিশ বলছে, বিস্ফোরণের কারণে বেশ কয়েকজন সামান্য ও মাঝারি জখম হয়েছেন। ভবন ও এর আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
সামাজিক ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, পৃথক বিস্ফোরণের এ ঘটনায় দুটি রেস্টুরেন্ট ভবনে আগুনের কুণ্ডলী আকাশের দিকে উড়ছে।
বিস্ফোরণস্থলে কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শীর্ষ একাধিক সহযোগী ইতোমধ্যে আবুধাবিতে পৌঁছেছেন।
আবুধাবির রশিদ সাঈদ স্ট্রিটটি বিমানবন্দর সড়ক নামেও পরিচিত। বিমানবন্দরে অবতরণের পর মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই সড়ক হয়েই আমিরাতের প্রধানমন্ত্রীর বাসভবনে যান।
গত ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে পৌঁছেছে তারা।
বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি বাস্তবায়ন হলে ইরানের বিরুদ্ধে মার্কিন লড়াই, ফিলিস্তিন ইস্যুসহ মধ্যপ্রাচ্যের পুরো রাজনৈতিক পরিস্থিতি খোলনলচে পাল্টে যেতে পারে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েল-আমিরাতের চুক্তিটি রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং এটি বাতিল হওয়া উচিত।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











